পৃথিবীর কোথাও সম্মিলিত আন্দোলন ছাড়া গণতান্ত্রিক মুক্তি আসে নাই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কবি, লেখক ও জাতীয় ইনসাফ কায়েম কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার। তিনি বলেন, ‘কেউ কমিউনিস্ট হতে পারে, কেউ ইসলামি হতে পারে, কেউ অন্য কিছু হতে পারে। অনেকের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।’
বৃহস্পতিবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ইনসাফ কায়েম কমিটি আয়োজিত ‘মানবাধিকার ও বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের সমস্যা বাংলাদেশের জনগণকেই সমাধান করতে হবে জানিয়ে ফরহাদ মজহার বলেন, ‘দেশের জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আন্দোলনের কোনও বিকল্প নাই। গণঅভ্যুত্থান কখনোই বেআইনি না। মুক্তিযুদ্ধ কি বেআইনি কোনও কাজ ছিল? আন্দোলন মানেই বিদ্যমান আইনকে চ্যালেঞ্জ করা। নিয়মতান্ত্রিক আন্দোলন বলে কিছু নাই।’
বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, ‘রাজনীতির নামে দফার লম্বা লম্বা ফর্দ দেখছি। কেন এত দফা? এত দফার তো দরকার নেই। আপনার অধিকারের স্বীকৃতি আন্তর্জাতিকভাবে দেওয়া আছে। রাষ্ট্র আপনার অধিকার হরণ করলে, তাকে উচ্ছেদ করে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া আইনসিদ্ধ। এই অধিকার ফিরিয়ে আনতে তৈরি থাকতে হবে আপনাকে। আপনি যদি নিজেকে রাজনৈতিক দল বা ব্যক্তি হিসেবে পরিচয় দেন, তবে আপনাকে গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে। আর যদি না নেন, তাহলে আপনি ফ্যাসিবাদের সহযোগী।’
সভায় আরও বক্তব্য রাখেন—গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, হিউম্যান রাইটস মিশনের চেয়ারম্যান ড. আবদুল মালেক ফরাজী, বাংলাদেশ পুনর্গঠন আন্দোলনের সভাপতি মহসিন রশীদ, জাতীয় সংহতি মঞ্চের নেতা আশরাফুল হক, খেলাফত মজলিসের প্রচার সম্পাদক খালেদ সারোয়ার প্রমুখ।