চট্টগ্রাম ও কক্সবাজারের বিদেশগামী যাত্রীদের বিমান অফিসে যোগাযোগের অনুরোধ

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চট্টগ্রাম ও কক্সবাজারের ফ্লাইট বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ১৩ ও ১৪ মে; এই দুই দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের নিকটতম বিমান অফিসে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে এয়ারলাইনটি।

শনিবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, বেবিচকের নির্দেশক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৩ মে ভোর ৬টা থেকে ১৪ মে মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের এবং ১৩ মে সকাল ৭টা থেকে ১৪ মে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরের সমস্ত ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। যাত্রীদের তাদের পরবর্তী যাত্রার সময় নির্ধারণ করার জন্য নিকটতম বিমান অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানায় বিমান।

এছাড়াও, ১৩ ও ১৪ মে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে বিদেশগামী কোনও যাত্রী যদি ঢাকা থেকে তাদের নির্ধারিত ফ্লাইটে গমন করতে চান তাদের সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা সময়ের কমপক্ষে ৫ ঘণ্টা আগে রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান। এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা কামনা করেছে।