ট্রাকের ধাক্কায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিক নিহত

রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কের কাজ করার সময়ে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও একজন। নিহতের নাম নুরুল আমিন (৪০)। সোমবার (১৫ মে) ভোরের দিকে রাস্তায় কাজ করার সময় নিহত হন তিনি।

সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নুরুল আমিনকে ঢামেক হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

নুরুল আমিনের ভাগ্নে জাকির হোসেন জানান, বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন সড়কে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। ভোরে ওই কাজের প্রয়োজনে ব্রিজের নিচে সড়কে যানচলাচল বন্ধ করার সময়ে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে তিনিসহ দুই জন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল আমিন।

ময়মনসিংহ সদর উপজেলার মৃত আব্দুল জব্বার এর ছেলে নুরুল আমিন। তার স্ত্রী ঝর্ণা, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি থাকেন। নুরুল আমিন কাজের জন্য খিলক্ষেত এলাকায় থাকতেন।