‘বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন থেকে শিক্ষা নিতে দেশের রাজনীতিবিদদের আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বঙ্গবন্ধু গণমানুষের শান্তির কথা বিবেচনা করে আন্দোলন-সংগ্রামের কর্মসূচি ঘোষণা করতেন। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট দূর করা ছিল তার রাজনীতির মূল দর্শন।

মঙ্গলবার (২৩ মে) ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এ আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, ‘বাংলাদেশে জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার আগে ও পরে বিভিন্ন পর্যায়ে মূল্যায়ন করে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদক দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ব শান্তি পরিষদ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সব পর্যায়েই বঙ্গবন্ধুর অবস্থান ছিল শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে।’ বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, মানবিক ও শান্তির দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নসহ আরও অনেকে। ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অনারারি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।