‘ওষুধ ও কসমেটিকস বিল’ সংশোধনে সাব কমিটি

সংসদে তোলা ওষুধ ও কসমেটিকস বিল সংশোধন, পরিশোধন ও পরিমার্জনের জন্য সাব কমিটি গঠন করা হয়েছে। আ.ফ.ম রুহুল হককে আহ্বায়ক করে গঠিত এই সাব কমিটির অন্য সদস্যরা হলেন— মো. আব্দুল আজিজ ও সৈয়দা জাকিয়া নূর।

বুধবার (২৪ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সাব কমিটি গঠন করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে কমিটির বৈঠকে বিলটি নিয়ে প্রাথমিক আলোচনা হয়।

‘ওষুধ ও কসমেটিকস বিল ২০২৩’ গত ৬ এপ্রিল সংসদে তোলা হলে পরে তা সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য মুহিবুর রহমান মানিক, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহগির আলমাহি এরশাদ ও আমিরুল আলম মিলন অংশগ্রহণ করেন।