ত্রাণের টিন আত্মসাতের মামলা: ফালুর খালাসের আদেশ বহাল

ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুর খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের রিভিউ আবেদন খারিজ করে বৃহস্পতিবার (২৫ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে ফালুর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান।

মামলার বিবরণী থেকে জানা গেছে, বিগত ওয়ান ইলেভেনের সময় ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে ২০০৭ সালে আশুলিয়া থানার এসআই মো. ইসমাইল হোসেন দুদক আইনে মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য থাকাকালীন সময়ে সরকারিভাবে গরিব মানুষের জন্য ৪ লাখ টাকার টিন বরাদ্দ হয়। তিনি ত্রাণের এসব টিন বিতরণ না করে নিজের লোকজনের মাধ্যমে তা আত্মসাৎ করেন মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু। পরে মামলার শুনানি শেষে ঢাকার ৬ নম্বর স্পেশাল জজ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করে ২০০৮ সালের ২ জুন রায় দেন। রায়ে নিম্ন আদালত মোসাদ্দেক আলী ফালুকে পাঁচ বছর কারাদণ্ড দেন এবং ৫ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।

পরে বিচারিক আদালতের এই রায়ের বিরেুদ্ধে আপিল করেন মোসাদ্দেক আলী ফালু। আপিলের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত তৎকালীন হাইকোর্ট বেঞ্চ সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০১৩ সালের ২২ মে তাকে বেকসুর খালাস দেন। এই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে। আপিলের শুনানি গ্রহণ করে হাইকোর্টের খালাসের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলে দুদক।