হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকার একটি ডাস্টবিন থেকে ৬ কেজি ৯৬০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় বিমানবন্দরের একজন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে।
সোমবার (১২ জুন) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে উপপরিচালক সানজিদা শারমিন সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতার থেকে আসা একটি ফ্লাইটে চোরাচালান হওয়ার গোপন তথ্য ছিল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে। সেই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করলে সকাল ৯টা ১০ মিনিটে বিমানে বিশেষ তল্লাশির জন্য প্রবেশ করেন এবং তথ্য মোতাবেক বিমানের সিট নম্বর ২৮/এ তল্লাশি করা হয়। পরে বিমানবন্দরের বে-২০ এর ডাস্টবিনও তল্লাশি করা হয়।
তবে সেখান থেকে কোনও সোনা উদ্ধার করতে পারেনি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, বিমানবন্দরের একজন পরিচ্ছন্নতাকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জামাল ভুইয়া নামে এ পরিচ্ছন্নতাকর্মী সোনা বহনের কথা স্বীকার করেন এবং ৯ নম্বর বোর্ডিং ব্রিজের কাছের ময়লার স্তূপ থেকে স্কচটেপ মোড়ানো ২টি ধাতব বস্তু বের করে দেন। সেখানে ৬০টি সোনার বার পাওয়া যায়।
পরিচ্ছন্নতাকর্মী জামাল ভুইয়া কোথা থেকে এসব সোনার বার পেয়েছেন সে বিষয়ে কোনও তথ্য জানায়নি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। তবে আটক এই পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। একই সঙ্গে কাস্টমস আইনেও বিভাগীয় মামলা করা হয়েছে।