শান্তিরক্ষী নিয়ে টিআইকে জড়িয়ে সেতুমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন: টিআইবি

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে (টিআই) জড়িয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অমূলক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলছে, ক্ষমতাসীন রাজনৈতিক দলের অন্যতম শীর্ষনেতা ও সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির অযৌক্তিকভাবে টিআইবির ওপর চাপিয়ে দেওয়া এমন বক্তব্য দায়িত্বশীলতার পরিচায়ক নয়।

মঙ্গলবার (২০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব মন্তব্য করে সংস্থাটি।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কখনও কোনও কাজ করেনি। এটি এদের কর্মপরিধিতেও নেই। ফলে এ ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে, তা একেবারেই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আরও উদ্বেগের বিষয়, মন্ত্রীর এ বক্তব্যে এ বিষয়ে বিএনপির সঙ্গে টিআইবির সম্পৃক্ততার অভিযোগ করা হয়েছে, যা সম্পূর্ণ অমূলক। একইসঙ্গে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, টিআই ও টিআইবি কোনও রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে না। টিআইবি সম্পূর্ণ দলনিরপেক্ষ একটি প্রতিষ্ঠান। মন্ত্রীর ভিত্তিহীন মন্তব্য বিভ্রান্তিকর ও তার রাজনৈতিক প্রজ্ঞা ও দায়িত্বশীলতার ঘাটতির পরিচায়ক।’

মন্ত্রীর বক্তব্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল উল্লেখ থাকলেও, বাংলাদেশ সংবাদ সংস্থাসহ বিভিন্ন গণমাধ্যমে টিআইবির নাম জড়ানো হয়েছে উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে টিআই ও টিআইবিকে মিলিয়ে ফেলা হয়েছে। এর আগেও বহুবার এ ধরনের ভুল লক্ষ্য করা গেছে। যা অনভিপ্রেত ও বিভ্রান্তিকর।’

উল্লেখ্য, গত ১২ জুন অন্য একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের যাচাই-বাছাইয়ের আহ্বান জানিয়ে বিবৃতি দেয়। দৃশ্যত, এ দায় ক্ষমতাসীন রাজনৈতিক দলের অন্যতম শীর্ষ নেতৃত্বের মাধ্যমে অন্যায়ভাবে টিআইবির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছে টিআইবি।