রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার (২০ জুন) সকাল ৬টা থেকে বুধবার (২১ জুন) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৩ হাজার ৪৩৯ পিস ইয়াবা, ৪৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেনসিডিল, ৪ বোতল বিদেশি মদ ও ৭ গ্রাম ৫৫৯ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা করা হয়েছে বলে জানানো হয়।
১১ বছর ধরে পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১১ বছর ধরে পলাতক মাদক ব্যবসায়ী মো. নুরে আলম মিয়া (৩৯) ওরফে আলমকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২০ জুন) রাত দেড়টার দিকে র্যাব-৩ এবং র্যাব-১৪-এর যৌথ অভিযানে রাজধানীর খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২১ জুন) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, গ্রেফতার আলমের বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় ২০১২ সালের ২৮ জানুয়ারি একটি মাদক মামলা হয়েছিল। ওই মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আলমকে ২০২০ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মামলার পর থেকেই আলম দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।