অতি বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কুইক রেসপন্স টিম। ইতোমধ্যে প্রধান সড়কগুলো থেকে পানি নিষ্কাশন করা হয়েছে। এছাড়াও বৃষ্টির ফলে সড়কের ওপরে পড়া প্রায় ২০টি গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
ভারী বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনে কল্যাণপুরে ডিএনসিসির পাঁচটি টিম সকাল থেকে একযোগে কাজ করছে।
সিটি করপোরেশন জানিয়েছে, বুধবার (২৮ জুন) ভোর থেকে নিরবচ্ছিন্ন ভারী বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে। এখনও যেসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাচ্ছে, কুইক রেসপন্স টিম প্রেরণ করে সেসব অঞ্চলের ড্রেন পরিষ্কার করে পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। কোথাও কোনও পানি জমে থাকলে ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে ছবি তুলে লোকেশন উল্লেখ করে জানানোর জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া ডিএনসিসির হটলাইন ১৬১০৬ এই নম্বরে ফোন করেও জানানো যাবে। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে প্রকৌশল বিভাগ, বর্জ্য বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে।