রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনি অনুসন্ধানী দল। মঙ্গলবার (১১ জুলাই) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের জানান, ফৌজদারি, দেওয়ানি, আরপিও এবং নির্বাচনি আইন নিয়ে এ বৈঠক হয়েছে।
এদিকে বৈঠক চলাকালে ও বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। বিক্ষোভে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে চাপ দিতে ইইউ প্রতিনিধি দলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা।
এ সময় ইইউ প্রতিনিধি দলকে ঘিরে বিএনপিপন্থি আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। এ ছাড়া কাগজে লেখা স্লোগান প্রদর্শন করেন তারা।
আইনজীবীদের বিক্ষোভে নেতৃত্ব দেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল প্রমুখ।