কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে মৃত্যু

রাজধানীর লালবাগের আজিমপুরে কাঁঠাল গাছ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মৃত মো. আলম (৬০) ওয়েস্টার্ন হাই স্কুলের পরিচ্ছন্নতাকর্মী।  

ওই স্কুলের সিনিয়র শিক্ষক নাজিম উদ্দিন বলেন, কাঁঠাল পাড়তে গাছে উঠছিলেন আলম। সেখানে গাছের ঢাল ভেঙে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মো. আলমের মেয়ে তানিয়া বেগম বলেন, তার বাবা ২৫ বছর ধরে চাকরি করছিলেন ওই স্কুলে। বিকালে খবর পান তিনি কাঁঠাল গাছ থেকে পড়ে আহত হয়েছেন। পরে ঢামেকে গিয়ে তার বাবাকে মৃত অবস্থায় দেখতে পান।

আলম কুমিল্লা জেলার হোমনা উপজেলার মিসিগাড়ি গ্রামের মৃত মো. সিদ্দিকের ছেলে। বর্তমান পিলখানা ১ নম্বর সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।