বান্দরবানে কৃষি সরঞ্জাম ও গরু বিতরণ করলেন পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘কৃষিবান্ধব সরকার দেশের কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করছে। সরকার কষি খাতে ভর্তুকি প্রদান করে কৃষকদের বাঁচিয়ে রেখেছে।’ সরকারের প্রচেষ্টায় পার্বত্যঞ্চলের কৃষকরাও এখন উচ্চ ফলনশীল ফলন ফলাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৪ জুলাই) বান্দরবান সদরে জেলা পরিষদের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম, গরু এবং বাগান চাষীদের মিশ্র ফলদ ও বনজ চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন উপকরণও বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, ‘বান্দরবানের কৃষকরা বর্তমানে ধান কাটার মেশিন, পাওয়ার টিলার মেশিন, ধান মাড়াই মেশিন, পাওয়ার ফুট স্প্রে মেশিন, মৌ বক্স, পানির পাম্প পাচ্ছে। এসব মেশিন চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। উচ্চফলনশীল ফলন ফলাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই তা সম্ভব হয়েছে।’

সরকার নারী বান্ধব, নারীর ক্ষমতায়নে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার দেশের নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। কৃষিক্ষেত্রে ও গৃহস্থালী কাজে নারীদের স্বাবলম্বি করতে বিভিন্ন সরঞ্জাম বিতরণ করছে সরকার।’

গাছের চারা বিতরণ করছেন মন্ত্রী

অনুষ্ঠান শেষে পার্বত্য জেলা পরিষদের ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে কৃষক সমবায় সমিতির কৃষকদের মাঝে ধান কাটার মেশিন, পাওয়ার টিলার মেশিন, ধান মাড়াই মেশিন, পাওয়ার ফুট স্প্রে মেশিন, মৌ বক্স, পানি পাম্ম মেশিন, গরুর বাছুরসহ দেশী বিদেশি বিভিন্ন ফলদ, কৃষিজ এবং বনজ চারা বিতরণ করা হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান কাজেমী, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম, পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখরসহ সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের চাষীরা উপস্থিত ছিলেন।