পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সেরা অ্যাসেট ম্যানেজার নির্বাচিত হয়েছে দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ২০২২ সালের পারফরম্যান্সের জন্য এই পুরস্কার পেয়েছে কোম্পানিটি।
মঙ্গলবার (২৫ জুলাই) বিএসইসি আনুষ্ঠানিকভাবে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টসহ বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের পক্ষে পুরস্কার গ্রহণ করেন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান রহমান।
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বিএসইসির এই যুগোপযোগী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাসান রহমান বলেন, ‘এ পুরস্কার আমাদের নিবেদিতভাবে কাজ করার স্বীকৃতি। এটি আমাদের মিউচুয়াল ফান্ড ও পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে আরও বেশি দায়িত্বশীল করবে।’
ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান রহমানের নেতৃত্বে ক্যাপিটেক কমপ্লায়েন্স মেনে তাদের ব্যবসার বিকাশ ও সম্প্রসারণ করছে। এছাড়াও দেশের পুঁজিবাজারের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চতি করতেও কাজ করছে। কোভিড-১৯ মহামারি এবং বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও ক্যাপিটেক তাদের বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন দিয়ে আসছে। বর্তমানে ক্যাপিটেকের ব্যবস্থাপনায় তিনটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড পরিচালিত হচ্ছে। কোম্পানিটি ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’ নামে ২০০ কোটি টাকার একটি মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড বাজারে আনছে।
বিএসইসি গতবছর থেকে ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ দিয়ে আসছে। প্রতিষ্ঠানগুলোর এক বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে প্রতি ক্যাটাগরিতে তিনটি করে পুরস্কার দেওয়া হয়।