‘শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে সামাজিক ভাতার পরিমাণ বাড়ানো হবে’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতার পরিমাণ বাড়ানো হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। 

এখনও যারা ভাতা পায়নি তাদের নাম তালিকাভুক্ত করা হবে জানিয়ে পরিবেশ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার বিকল্প নেই। আগামী নির্বাচনে আবারও নৌকাকে বিজয়ী করতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে।’

উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।