জাতীয় শোক দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

দুপুরে ১০০ জন কোরআনে হাফেজের মাধ্যমে ১০০ বার কোরআন খতম সম্পন্ন হয়। এপর আলোচনা সভা শেষে জাতির পিতা ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম, মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার ও মো. আনিছুর রহমান সরকার।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মোহাম্মদ রুহুল আমীন।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অন্যদিকে আজ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের সব মসজিদে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এর আগে  সকালে বনানী কবরস্থানে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে পবিত্র কোরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী বায়তুল মোকাররম কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন ডায়াগনস্টিক সেন্টার ও কনসালটেশন সেন্টারে প্রায় ২৫ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন। এসময় প্রায় ১০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এছাড়া আজ ইসলামিক মিশনের ৫০টি শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হচ্ছে।