‘বিএনপি এই দেশের কে’, শোক র‍্যালিতে প্রজন্ম লীগের প্রশ্ন

জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে শোক র‍্যালি আয়োজন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ। বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে তারা তাদের শোক র‍্যালির সমাপ্তি ঘোষণা করে। এ সময় তারা প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আরিফ আহমেদ, নইদুল খান, শেখ নুর হালদার, দফতর সম্পাদক মো. আবু তালেব প্রমুখ।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, এমন প্রসঙ্গ টেনে সংক্ষিপ্ত সমাবেশে আহমেদ সাইফুল রহমান ছোটন বলেন, মির্জা ফখরুল এসব কথা বলেন, তিনি এই দেশের কে? বিএনপি এই দেশের কে? বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যত দিন এই দেশে আছেন, তত দিন বাংলার মানুষ তার নেতৃত্বে আবার ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানাবেন।

তিনি বলেন, দেশনেত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়নের জোয়ার বইয়েছে, যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এই কারণেই দেশের জনগণ আবার তাকে ওই আসনে বসাবে।