মতিঝিলে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মতিঝিলের গুপিবাগ এলাকার একটি বাসার নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত ব্যক্তির নাম হাসান মিয়া (৪০)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার ররুয়ারচর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার সকালে আমরা ৯৯৯-এ এমন সংবাদ পাই। পরে গুপিবাগ ফাস্ট লেনের একটি ছয় তলা ভবনের ছাদে চিলোকোঠায় রডের সঙ্গে রশি দ্বারা ঝুলন্ত অবস্থা থেকে স্বজনদের উপস্থিতিতে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করি। তিনি ওই বাসায় অনেক বছর ধরে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

মৃতের ভাতিজা রতন মিয়া গণমাধ্যমকে বলেন, তার চাচা হাসান মিয়ার স্ত্রীর নাম নুর নাহার, এক ছেলে এক মেয়ের জনক ছিলেন। গতকালও মুঠোফোনে বাসায় সবার খোঁজখবর নিয়েছেন। তার মা হালিমা বেগম অসুস্থ, তারও খোঁজখবর নিয়েছেন। কারও সঙ্গে কোনও ঝগড়াঝাঁটিও হয়নি। কী কারণে তিনি গলায় ফাঁস লাগিয়েছেন। বিষয়টি আমরা বুঝতে পারছি না। আমরা কোনও কারণও খুঁজে পাচ্ছি না। 

তিনি বলেন, এ বিষয়ে পুলিশ সঠিক তদন্ত করে কারণ বের করবে, এটাই আমদের দাবি।