আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট)। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি। ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিবিদ।

বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের 'সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সমাবেশে' ভয়াবহ গ্রেনেড হামলায় আইভী রহমানসহ মোট ২৪ জন প্রাণ হারান। আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

বুধবার (২৩ আগস্ট) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। এই কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা অংশ নেবেন।