স্বাস্থ্যসেবায় ‘জিরো কম্প্রোমাইজ’ অঙ্গীকারকে প্রতিপাদ্য করে ১৭ বছর পূর্তি উদযাপন করেছে দেশের শীর্ষস্থানীয় হেলথকেয়ার ব্র্যান্ড ইউনাইটেড হেলথকেয়ার। এ উপলক্ষে গত ২৪ আগস্ট ইউনাইটেড হসপিটাল লিমিটেডসহ ইউনাইটেড হেলথকেয়ারের সব অঙ্গপ্রতিষ্ঠান, সাতারকুলের ইউনাইটেড মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, ধানমন্ডির মেডিক্স এবং জামালপুরের এম এ রশিদ হসপিটালে নানা আয়োজন করা হয়। শনিবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইউনাইটেড হেলথ কেয়ার জানায়, সম্প্রতি প্রথমবারের মতো জেসিআই সার্ভেতে অংশগ্রহণ করে প্রতিটি মান ও মাপকাঠিতে ইতিবাচক ফলাফল অর্জন করেছে ইউনাইটেড হসপিটাল, যা শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও বিরল। পাশাপাশি এ বছর ইউনাইটেড হসপিটালের প্যাথলজি ল্যাব আইএসও (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন) চতুর্থবারের মতো অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট অর্জন করেছে।
গত বৃহস্পতিবার ইউনাইটেড হেলথকেয়ারের সব প্রতিষ্ঠানের জন্য এবং রোগীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদ বলেন, ‘আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য নিয়েই ইউনাইটেড হসপিটাল যাত্রা শুরু করেছিল। জেসিআই অ্যাক্রিডিটেশান আমাদের এই সেবার মানকে স্বীকৃতি দিয়েছে। আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সব চিকিৎসক, নার্সসহ সবাইকে বলতে চাই, স্বাস্থ্য সেবায় জিরো কম্প্রোমাইজ আমরা অব্যহত রাখবো। আমাদের হেলথ কেয়ারের সব অঙ্গ প্রতিষ্ঠানে সেবার পরিধি বাড়ানো ও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’
এ সময় আরও বক্তব্য রাখেন ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফাইজুর রহমান।
অনুষ্ঠানে আরও ছিলেন ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার ও ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদসহ হসপিটালের পরিচালক, চিকিৎসক, নার্স ও হেলথকেয়ারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইউনাইটেড হেলথকেয়ারের অঙ্গ প্রতিষ্ঠান ইউনাইটেড হসপিটাল ২০০৬ সাল, জামালপুরের এম এ রশিদ হসপিটাল ২০২১ সাল, ধানমন্ডির মেডিক্স ২০২১ সাল এবং সাতারকুলের ইউনাইটেড মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল ২০২২ সাল থেকে সফলভাবে দেশের নাগরিকের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে বলে জানায় ইউনাইটেড হেলথকেয়ার।