হঠাৎ বোতলজাত পানির দাম বৃদ্ধি ‘অযৌক্তিক’, ৪ দাবি ক্যাবের

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি দেশে চলছে ডেঙ্গুসহ নানান মৌসুমি রোগের সংক্রমণ— এমন পরিস্থিতিতে পূর্বঘোষণা ছাড়াই ‘অযৌক্তিকভাবে’ হঠাৎ বোতলজাত পানির দামও বাড়ানো হয়েছে বলে মনে করছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটি অবিলম্বে পানির অযৌক্তিক দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলসহ ৪ দফা দাবি জানিয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনটি এসব দাবি জানায়।

পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলসহ ক্যাবের অন্য দাবিগুলো হচ্ছে, ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে নিরাপদ, স্বাস্থ্যকর পানি সরবরাহ নিশ্চিত করতে হবে; বোতলজাত পানির মূল্য স্বাভাবিক করতে প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সক্রিয় পদক্ষেপ নিতে হবে এবং যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান হঠাৎ করে বোতলজাত পানির দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে ভোক্তাসাধারণকে কষ্টে ফেলেছে তাদের আইনানুগ বিচার ও শাস্তি দিতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপণ্যের বাড়তি দামের সঙ্গে এবার যোগ হয়েছে বোতলজাত পানির দাম। বেশ কয়েকটি কোম্পানি প্রতি বোতল পানির দাম বাড়িয়েছে। আধা লিটার পানির বোতল এখন বিক্রি হচ্ছে ২০ টাকায়। হঠাৎ কেন পানির দাম এত বাড়ানো হয়েছে— এর কোনও সদুত্তর মিলছে না। বাজারে যে সব বোতলজাত পানি বিক্রি হচ্ছে সেগুলোর মধ্যে পরিচিত ব্র্যান্ডের ৫০০ মিলি লিটার পানির সর্বোচ্চ খুচরা মূল্য এখন ২০ টাকা। কয়েকদিন আগেও যা ছিল ১৫ টাকা। 

এছাড়াও বোতলজাত আধা লিটার খাবার পানির পাইকারি মূল্য ১১ থেকে ১২ টাকা। কিন্তু খুচরা পর্যায়ে ৮ থেকে ৯ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে; যা স্বাভাবিকের তুলনায় বেশি বলেও মনে করেন তারা।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সূত্রের বরাতে বক্তারা বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে বোতলজাত পানির অস্বাভাবিক দাম বাড়ার ঘটনাটি তাদের নজরে এসেছে। তারা এসব বিষয়ে তদন্ত করছে এবং বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকেও জানিয়েছে। জানা আছে, দেশে পানির বাজার এখন হাজার কোটি টাকার। প্রতিবছর ৩৫ থেকে ৪০ কোটি লিটার বোতলজাত পানি বিক্রি হয়। বাংলাদেশে প্রতিবছর ১৫ থেকে ২০ শতাংশ হারে বোতলজাত পানির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ভোগ্যপণ্য উৎপাদনকারী বড় বড় বেশির ভাগ প্রতিষ্ঠানেরই এখন পানির ব্যবসা রয়েছে।

জনগণকে সুরক্ষা দিতে ‘প্রতিযোগিতা আইন-২০১২’ প্রণীত হয়েছে উল্লেখ করে তারা বলেন, সাধারণ ভোক্তারা এই আইনের সুফল পাচ্ছেন না। সকল ধরনের বোতলজাত পানির হঠাৎ মূল্যবৃদ্ধিও এরই ধারাবাহিকতা।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বোতলজাত পানির হঠাৎ মূল্যবৃদ্ধি ‘অন্যায়, অযৌক্তিক ও ভোক্তাস্বার্থবিরোধী’ উল্লেখ করে তার তীব্র প্রতিবাদ জানায় এবং অবিলম্বে দাম কমানোর দাবি জানায়।

মানববন্ধনে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ও ক্যাব ঢাকা জেলা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শামস এ খান ও বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।