নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমাজে নারীদের সম্মান, সমঅধিকার ও সমতা প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিক হতে হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত হিসেবে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ‘আমরই ঢাকা হোটেল’-এ জাতিসংঘ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘দ্য রোল অব উইমেন ইন বাংলাদেশে: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ইন পাবলিক লাইফ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওরাকল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, ইউনিলিভারের সিনিয়র ক্যাটাগরি হেড ফারজানা ফেরদৌস, নিজেরা করি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর খুশী কবির, মানুষের জন্য ফাউন্ডেশনের শাহীন আনামসহ প্রমুখ।

শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর উন্নয়ন নিশ্চিত করতে হলে নারীকে সম্মুখ সারিতে স্থান দিতে হবে। নারী দৈনন্দিন জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং পরিবার-সমাজ-রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সুযোগের সদ্ব্যবহার করেই সম্মুখে অগ্রসর হবে।

তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে নারী সংসদ সদস্য সংখ্যা ৩৩ ভাগে উন্নীত করতে সরকার সচেষ্ট আছে। সংসদে বর্তমানে ৫০টি সংরক্ষিত মহিলা আসন রয়েছে। নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে এবং সংরক্ষিত মহিলা আসনের দ্বারা সংসদ সদস্য হতে পারেন, যা এই সংসদের একটি অনন্য বৈশিষ্ট্য।

তিনি আরও বলেন, ১৯৭২ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সংরক্ষিত মহিলা আসন অন্তর্ভুক্ত করেছিলেন।

কর্মজীবী নারীদের কর্মপরিবেশ সুস্থ্য ও স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, উন্নয়নের মূল স্রোতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ায় নারীকে সম্পৃক্ত করতে কাজ করছে সরকার।

এ সময় স্পিকার নারী উন্নয়নবিষয়ক গোলটেবিল বৈঠক আয়োজনের জন্য জাতিসংঘ বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান। 

এ বৈঠকে সৈয়দা জাকিয়া নূর এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এনজি ও ফাউন্ডেশনের শীর্ষস্থানীয় নারী প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা, দেশবরেণ্য সাংবাদিকরা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।