বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের (এডিএফ) মিডিয়া প্রতিনিধি দল বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) পরিদর্শন করেছে। চার সদস্যের মিডিয়া টিমের নেতৃত্ব দেন লিউট জিওফ্রে লং।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, পরিদর্শনকালে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের (এডিএফ) মিডিয়া প্রতিনিধি দল আইএসপিআরের কর্মকর্তা এবং ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ডিজ্যাব) প্রতিনিধিদের সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ডিফেন্স মিডিয়া সংক্রান্ত অন্যান্য বিষয়ে মতবিনিময় করে। এ সময় আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামান আইএসপিআরের কার্যক্রম, সশস্ত্র বাহিনীর সঙ্গে মিডিয়া সমন্বয় এবং অন্যান্য বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
এছাড়া, বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া থেকে আগত ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যরা আইএসপিআরের সঙ্গে তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় উপস্থিত মিডিয়া প্রতিনিধিরা ভবিষ্যতে অস্ট্রেলিয়ার ডিফেন্স টিমের সঙ্গে প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময়সহ মিডিয়া সংক্রান্ত কার্যক্রমের বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
উল্লেখ্য, এডিএফ প্রতিনিধি দল গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে সফরে আসে এবং ১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।