স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে যখন ক্ষমতায় আসেন, তখন বাংলাদেশের অর্থনীতির আকার ছিল ৪৭ বিলিয়ন ডলার। বিগত ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতির আকার দাঁড়িয়েছে ৫০০ বিলিয়ন ডলার। শুধু তাই নয়, দারিদ্রপীড়িত বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতারে এনে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে করে তার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল ও আত্মবিশ্বাসে বলিয়ান জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। এ ছাড়া আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, অতিরিক্ত সচিব মো. শের আলী, অতিরিক্ত সচিব মোস্তাকিম বিল্লাহ ফারুকী ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এম খান প্রমুখ।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ব্রীজ-কালভার্ট নির্মাণ, পয়ো:নিষ্কাশন ও সেনেটারি ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে গ্রামের অর্থনীতিও এখন শক্তিশালী হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে কক্সবাজারের সেন্টমার্টিন কে সারা বিশ্বের কাছে পর্যটন উপযোগী করে গড়ে তুলতে যেসব পরিকল্পনা প্রধানমন্ত্রী নিয়েছেন তাতে অচিরেই বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে।
তাজুল ইসলাম এ সময় বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং মানুষের ভাগ্যের পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং আগামীতেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য সবাইকে একযোগে কাজ করা আহ্বান জানান।