দ্বাদশ ‘ফটোফি বর্ষসেরা’ আলোকচিত্রী মনন মুনতাকা

দ্বাদশ ‘ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার’ (২০২২) পেয়েছেন আলোকচিত্রী মনন মুনতাকা। ‘টেক্সচার অ্যান্ড মিক্সচার’ শিরোনামের ফাইন-আর্ট ফটোগ্রাফির জন্য তিনি এই পুরস্কার অর্জন করেন তিনি।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের দিলু রোডে অবস্থিত ‘ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফি’র কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মননের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালে মনন মুনতাকা দিনাজপুর ভ্রমণ করেন। সেসময় থেকে তিনি স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ পান। শুরু করেন উরাওঁ, মারোয়াড়ি এবং বিহারিদের জীবন নথিভুক্ত করা। ২০২৩ সালের মার্চে তিনি কাজটি সম্পন্ন করেন। স্থির ও চলমান ছবি এবং অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে তাদের জীবনযাত্রা নথিভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে ফটোফির সমন্বয়ক শিশির চৌধুরী বলেন, ‘উদীয়মান মেধাবী ও সৃজনশীল তরুণ আলোকচিত্রীদের উৎসাহিত করতে ২০১১ সাল থেকে আমরা এই পুরস্কার দিচ্ছি। দেশে ফাইন-আর্ট আলোকচিত্রচর্চাকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। আমরা গর্বিত কোনও পৃষ্ঠপোষক ছাড়াই সফলতার সঙ্গে এক যুগ অতিক্রম করতে পেরেছি।’ এবারের আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ঢাকা অপেরা।

পুরস্কার হিসেবে আলোকচিত্রী মনন পেয়েছেন একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও ২০ হাজার টাকা। আগে এই পুরস্কার যারা পেয়েছেন, তারা হলেন, এস এ শাহরিয়ার রিপন, কামরুজ্জামান, মুনেম ওয়াসিফ, প্রীত রেজা, কেএম আসাদ, জয় কে রায় চৌধুরী, সুমন ইউসুফ, ফরিদা আলম, সালাহউদ্দিন আহমেদ, রিয়াদ আবেদীন ও ইমন মোস্তাক আহমেদ।