মোহাম্মদপুরের কিশোর গ্যাং শুটার আনোয়ার গ্রুপের ২ সদস্য গ্রেফতার

হাতের কব্জি কেটে টিকটক করা কিশোর গ্যাং আনোয়ার ওরফে শুটার আনোয়ার গ্রুপের অন্যতম দুর্ধর্ষ লিডার মো. ইউনুছ (২৮) ও তার সহযোগী মো. সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুল (৩৬)কে গ্রেফতার করেছে র‌্যাব-২।

বুধবার (৪ অক্টোবর) মোহাম্মদপুর থানাধীন খিলজি এলাকা হতে ছিনতাই করার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি ছুরি ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব ২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কিছু দিন আগেও মোহাম্মদপুরের কিশোর গ্যাংদের মধ্যে অন্যতম ‘আনোয়ার ওরফে শুটার আনোয়ার গ্রুপ’ এর কিশোর গ্যাং সদস্য মো. ইউনুছ ছিনতাইয়ের সময় ভিকটিমদের হামলা করে মারাত্মক যখম করার মতো ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে দুই কিশোর গ্যাং গ্রুপের অন্তর্দ্বন্দ্বের মাধ্যমে এক পক্ষ চাপাতি দিয়ে আরেক পক্ষের হাত বিচ্ছিন্ন করে টিকটক করার মতো লোমহর্ষক ঘটনা ঘটায়।

তিনি আরও বলেন, তারা ৪০ থেকে ৫০ জন একসঙ্গে এলাকায় এসে ত্রাসের সৃষ্টি করে ছিনতাই, চাঁদাবাজি ও পথচারীদের থেকে মোবাইল ছিনতাইসহ শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ঘটায়। তারা রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান ও বসিলাসহ বিভিন্ন জায়গায় সংঘবদ্ধভাবে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। এছাড়াও বিভিন্ন সময় প্রভাব বিস্তার করতে দেশীয় অস্ত্র প্রদর্শনীর মাধ্যমে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

মো. ইউনুছের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২টি হত্যার চেষ্টা, ১টি দস্যুতা মামলা এবং আদাবর থানায় ১ টি ডাকাতি মামলাসহ সর্বমোট ৪টি মামলা  রয়েছে। তার সহযোগী মো. সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুলের বিরুদ্ধে আদাবর থানায় ১টি মানবপাচার মামলা রয়েছে।