খাবারের বিল বেশি রাখার অভিযোগে ৯৯৯ নম্বরে শিক্ষার্থীর কল

কুয়াকাটায় একটি হোটেলে খাবার খেতে গিয়ে মূল্য তালিকায় থাকা দামের চেয়ে বেশি রাখার অভিযোগে সহায়তা চেয়ে ৯৯৯ এ ফোন করেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী। পরবর্তীতে ৯৯৯ থেকে স্থানীয় টুরিস্ট পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের উপস্থিতিতে ক্ষমা চায় হোটেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল ছাত্র-ছাত্রী পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। একটি হোটেলে তারা দুপুরের খাবার খান। কিন্তু বিল দিতে গিয়ে দেখেন, যে মেন্যু বুক দেখে তারা খাবার অর্ডার করেছিলেন তার চেয়ে বেশি মূল্য দেখিয়ে বিল করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা মেন্যুতে উল্লেখিত দামের চেয়ে বেশি টাকা দেবে না বলে জানায়। অন্যদিকে মূল্যবৃদ্ধির অজুহাতে হোটেল মালিক মেন্যুতে উল্লেখিত দামের চেয়ে বেশি টাকা ছাড়া বিল নিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে সেখানে মৃদু হট্টগোল তৈরি হয়। এমন তথ্য জানিয়ে আইনি সহায়তা চেয়ে এক ছাত্রী ‘৯৯৯’ নম্বরে ফোন করেন। কলটি রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আনিসুর রহমান। তিনি তাৎক্ষণিক কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জানান।

সংবাদ পেয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে হোটেল মালিক খাদ্য তালিকায় উল্লেখিত দামের সমপরিমাণ টাকা নিতে রাজি হন এবং ক্ষমা চান। ছাত্র-ছাত্রীরা লিখিত অভিযোগ দিতে রাজি না হওয়ায় হোটেল মালিক থেকে ভবিষ্যতে অতিরিক্ত বিল না নেওয়ার বিষয়ে মুচলেকা নিয়ে বিষয়টির সমাধান করা হয়।