বিএনপি নেতাকর্মীদের নয়াপল্টন ছেড়ে দিলো পুলিশ

বিএনপিকে নয়া পল্টনে মহাসমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অনুমতির পরপরই বিএনপির কার্যালয় সামনে মোতায়েন করা অতিরিক্ত পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। এখন তুলনামূলক কম পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে জলকামান ও রায়ট কার এখনও পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ডিএমপির পক্ষ হতে ২০টি শর্ত দিয়ে শনিবার আওয়ামী লীগেকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট এবং বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি। 

এদিন জুমার নামাজের পর থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিকাল হতেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় ধরনের জনসমাগম হয়।  

এদিকে বিকালে পুলিশের সংখ্যা কম থাকলেও সন্ধ্যার পরপরই বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত হন ও সতর্ক অবস্থান নেন। 

নয়াপল্টন এলাকা ছেড়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা

কর্মীদের নিয়ে উপস্থিত চট্রগ্রাম মহানগর বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম বাচ্চু বলেন, ‘শনিবার মহাসমাবেশে জনস্রোতের তৈরি হবে। আজ রাত আমরা কার্যালয়ের সামনে কাটিয়ে দিবো। পাহারায় থাকবো। সমাবেশ সফল না করা ও আমাদের দাবি আদায় না করা পর্যন্ত এখন থেকে নড়বো না।’