মহাসমাবেশের দিন বিএনপি-জামায়াতের ৮৪১ জন কারাগারে

বিএনপির মহাসমাবেশের দিন শনিবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর ও জেলা থেকে গ্রেফতার বিএনপি-জামায়াতের নেতাকর্মী সন্দেহে ৮৪১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে মামলায় গ্রেফতার হয়েছেন ৬৪৬ জন। এছাড়াও সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধি ৫৫ ধারায় ১৭৮ জন এবং ঢাকা জেলার ছয়টি থানা এলাকা থেকে গ্রেফতার ১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপি-জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে শুনানি ছাড়াই তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে এক আইনজীবী অভিযোগ করেন।

এ বিষয়ে ঢাকা জজ কোর্টের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন বলেন, ‘সংবিধান অনুযায়ী প্রত্যেকেরই জামিন শুনানির অধিকার আছে। ওকালত নামা সই হওয়ার আগেই বেলা ২টার আগে শুনানি ছাড়াই আসামিদের জেল-হাজতে পাঠান, যা আইন-বিচার ও মানবাধিকার পরিপন্থি।

ঢাকা আদালতের বিভিন্ন থানার সাধারণ নিবন্ধন শাখার পাওয়া তথ্য অনুযায়ী কদমতলীতে ৯, শ্যামপুরে ২১, উত্তরা পশ্চিমে তিন, ধানমন্ডিতে আট, হাজারীবাগে ছয়, বিমানবন্দরে এক, দক্ষিণ খানে সাত, কামরাঙ্গীরচরে চার, লালবাগে ছয়, বনানীতে আট, বাড্ডায় ছয়, ভাটারায় আট, শাহ আলীতে এক, দারুস সালামে ২৪, শাহজাহানপুরে ২৬, মতিঝিলে ছয়, পল্টনে ১৮৪, শাহবাগে দুই, রমনায় এক, রামপুরায় এক, সবুজবাগে আট, কলাবাগানে তিন, খিলক্ষেতে এক, ওয়ারীতে ২১, গেন্ডারিয়া ১৫, আদাবরে সাত, মোহাম্মদপুরে সাত, হাতিরঝিল ৫৩, তেজগাঁওয়ে এক, তেজগাঁও শিল্পাঞ্চলে এক, পল্লবীতে ২৩, কাফরুলে সাত, মিরপুরে ৬৬, শেরে বাংলায় এক, মুগদায় চার, খিলগাঁওয়ে ১২, যাত্রাবাড়ীতে ৫৭, ডেমরায় ২৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এছাড়াও সন্দেহভাজন হিসেবে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৫৪ ধারায় আটক ১৭৮ জনকে এবং দক্ষিণ কেরানীগঞ্জে ৯, সাভারে এক, ধামরাইয়ে দুই, আশুলিয়ায় পাঁচ জনকে কারাগারে পাঠানো হয়।