হরতালে সচিবালয় চলছে স্বাভাবিক নিয়মেই

বিএনপি-জামায়তসহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা হরতালের দিনে স্বাভাবিক নিয়মেই চলছে সচিবালয়ের কার্যক্রম। রবিবার (২৯ অক্টোবর) নির্ধারিত সময় সকাল ৯টা থেকেই সচিবালয়ে কার্যক্রম শুরু হয়েছে। তবে আইনশৃঙ্খলাবাহিনীর বাড়তি নজরদারি দেখা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এদিন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও নির্ধারিত সময়েই কার্যালয়ে উপস্থিত হয়েছেন। তবে যারা শুক্র ও শনিবার দুই দিনের সাপ্তাহিক ছুটিতে ঢাকার বাইরে গিয়েছিলেন তাদের অফিসে আসতে কিছুটা দেরি হয়েছে।

এদিন সচিবালয়ের মূল ফটক (এক নম্বর) বন্ধ করে রাখা হয়েছে। তবে অন্য গেটগুলো খোলা আছে।

সচিবালয়ের চারপাশে কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কার্যালয়ের ভেতরেও পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তৎপর রয়েছেন। দায়িত্বরত পোশাকধারী পুলিশ সদস্যরা অন্যান্য দিনের তুলনায় বাড়তি সতর্কতায় রয়েছেন।

হরতালের দিন সচিবালয়ের চিত্র (ছবি: শফিকুল ইসলাম)

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে বাইরে কী হচ্ছে, সবার মধ্যে তা জানার আগ্রহ দেখা গেছে।