বেলা বাড়ার সঙ্গে সড়কে বাড়ছে গণপরিবহন

রাজধানী ঢাকায় ঢিলেঢালা ছিল বিএনপি-জামায়াতের ডাকা দিনব্যাপী হরতাল। সকাল থেকে রাস্তায় গণপরিবহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে গণপরিবহনের সংখ্যা বাড়ছে। রাজধানীর বিচ্ছিন্নভাবে কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও ধীরে ধীরে রাস্তার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) দুপুর একটার পর রাজধানীর শাহবাগ, বাংলামোটর, ধানমন্ডি, মগবাজার এবং কাওরানবাজার এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

সকালে শাহবাগ মোড়ে গিয়ে দেখা গেছে, গণপরিবহন ও কর্মমুখী মানুষের সংখ্যা তুলনামূলক কম।দুপুরের পর রাস্তায় মানুষ ও পরিবহন দুটোই বেড়েছে। সড়কে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল দেখা গেছে। এছাড়া অন্যান্য জায়গাতেও লেগুনাসহ বিভিন্ন পরিবহন চলতে দেখা গেছে।

বাংলামোটর মোড়ে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রী শহিদুল ইসলাম জানান, কাজের প্রয়োজনে বের হয়েছি। রাস্তায় যতটা হরতালের প্রভাব পড়বে ভেবেছিলাম বের হয়ে তা পাইনি।

কাওরান বাজারে ট্রাফিকের দায়িত্ব পালন করা কনস্টেবল মঞ্জুরুল ইসলাম জানান, সকাল থেকে পরিবহন কম থাকলেও দুপুরের পর থেকেই পরিবহনের সংখ্যা বাড়ছে। তবে রাস্তায় ব্যক্তিগত গাড়ির পরিমাণ খুবই কম।