রাজধানীর গুলিস্তানে হল মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ রাতে ফায়ার সার্ভিসের সহকারী মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে, নিউমার্কেটের গাউছিয়া মার্কেটের সামনে ও সায়েদাবাদ জনপথ মোড় ফ্লাইওভারের নিচে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যার পর এখন পর্যন্ত চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী টানা তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। এবার দলগুলো আবার ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে।
আরও পড়ুন: