বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকে অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বেলা ২টার দিকে বিকল্প অটো পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়েন। কোনও নিহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, বেলা ২টা ৫ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার সংবাদ পাওয়ার ৩ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নির্বাপণ করে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশের সহযোগিতায় আগুন নেভায়।