রাজধানীর বনানীতে ককটেল বিস্ফোরণের মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম নকিসহ বিএনপির ১০ নেতাকর্মীকে দুই বছর ৭ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন– বিএনপি নেতা মেহেদী হাসান মিশু, মিজান ব্যাপারী, মহব্বত আলী মোল্লা, আমিনুল ইসলাম হিমেল, আবদুল্লাহ আল মামুন, জয়নাল আবেদীন, রোকন শেখ, গিয়াস উদ্দিন ও শফিকুল ইসলাম।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত আসামিদের অনুপস্থিতে এ রায় দেন। সংশ্লিষ্ট রাষ্ট্র পক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য জানান।
রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
জানা গেছে, ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর বনানীর কামাল আতাতুর্ক রোডে মানববন্ধন কর্মসূচির সময় আসামিরা লাঠিসোঁঠা হতে রাস্তার যানবাহন ভাঙচুর শুরু করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে।
এই অভিযোগে বনানী থানার উপ-পরিদর্শক মিল্টন দত্ত বাদী হয়ে বনানী থানায় মামলা করেন।