ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জগন্নাথ বিশ্বিবদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে জামিন দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক মামলা করে পুলিশ।
একটি মামলার বাদী নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম। অন্যটির বাদি কলাবাগান থানার এসআই আরিফ হোসেন।
২০২২ সালের মে মাসে পুলিশ দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়। সেই অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল খাদিজাতুল কুবরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে গত বছরের ১৭ সেপ্টেম্বর খাদিজাতুল কুবরাকে গ্রেফতার করে নিউমার্কেট থানা-পুলিশ। এরপর থেকে কারাগারে আছেন তিনি।
ওই মামলায় বিচারিক আদালতে জামিন আবেদন নামঞ্জুরের পর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। পরে গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাকে জামিন দেন। এ জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন অনুযায়ী হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ।
এর ধারাবাহিতকায় বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে।