বিএনপিও ও সমমনা রাজনৈতিক দলগুলোর সপ্তম বারের মতো সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির আগের রাতে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই তলা বিআরটিসি বাসটি যখন আব্দুল্লাহপুর ইউটার্ন নিতে যাচ্ছিল, তখনই কে বা কারা যেন আগুন ধরিয়ে দেয়। দ্রুত স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোনও হতাহতের খবর নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখছি কে বা কারা এ ঘটনা ঘটালো।
প্রসঙ্গত, সরকারের পদত্যাগ, ঘোষিত তফসিল বাতিল, দলীয় নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রবিবার সকাল ৬টা থেকে শুরু হচ্ছে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি।