ঢাকায় ২৬৫ মনোনয়ন বিতরণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানী ঢাকার ২০টি আসনে ২৬৫টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এর মধ্যে ২০টি আসনের মধ্যে ঢাকা-১৪ সংসদীয় আসনে সর্বোচ্চ ৩২টি মনোনয়ন বিতরণ করা হয়। এদিকে বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৯ জন প্রার্থী।

ঢাকার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে পাঠানো মনোনয়নপত্র বিতরণ ও দাখিল সংক্রান্ত তথ্যে এ চিত্র দেখা গেছে।

জানা গেছে, রিটার্নিং অফিসারের কাছ থেকে ১১১টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। আর সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে নিয়েছেন ১৫৪টি মনোনয়নপত্র। তবে আজ পর্যন্ত ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ইসি জানায়, ঢাকা-১ আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন ৮ জন ও দাখিল করেছেন ১ জন প্রার্থী। ঢাকা-২ আসন থেকে মনোনয়ন নিয়েছেন ৯ জন আর দাখিল করেছেন ১ জন, ঢাকা-৩ আসন থেকে মনোনয়ন নিয়েছেন ৭ জন এবং দাখিল করেছেন ১ জন, ঢাকা-৪ আসন থেকে নিয়েছেন ১৬ জন ও দাখিল করেছেন ৪ জন, ঢাকা-৫ আসন থেকে নিয়েছেন ২০ জন আর দাখিল করেছেন ৪ জন, ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন নিয়েছেন ১৩ জন আর দাখিল করেছেন ২ জন, ঢাকা-৭ আসন থেকে নিয়েছেন ১৫ জন আর দাখিল করেছেন ১ জন, ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন নিয়েছেন ২৩ জন আর দাখিল করেছেন ১ জন, ঢাকা-৯ আসন থেকে নিয়েছেন ৭ জন আর জমা দিয়েছেন ২ জন, ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন নিয়েছেন ১১ জন ও দাখিল করেছেন ১ জন। এছাড়া, ঢাকা-১১ আসন থেকে মনোনয়ন নিয়েছেন ১২ জন আর মনোনয়ন জমা দিয়েছেন ১ জন, ঢাকা-১২ আসন থেকে নিয়েছেন ৯ জন এবং জমা দিয়েছেন ৩ জন, ঢাকা-১৩ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ১৩ জন ও দাখিল করেছেন ১ জন, ঢাকা-১৪ আসন থেকে নিয়েছেন ৩২ জন আর দাখিল করেছেন ৩ জন প্রার্থী, ঢাকা-১৫ আসন থেকে মনোনয়ন তুলেছেন ১১ জন ও জমা দিয়েছেন ৩ জন, ঢাকা-১৬ আসন থেকে নিয়েছেন ১০ জন আর জমা দিয়েছেন ১ জন, ঢাকা-১৭ আসন থেকে নিয়েছেন ১৫ জন, জমা দিয়েছেন ৩ জন প্রার্থী, ঢাকা-১৮ আসন থেকে নিয়েছেন ১০ জন, জমা দিয়েছেন ১ জন, ঢাকা-১৯ আসন থেকে নিয়েছেন ১৩ জন, জমা দিয়েছেন ৪ জন এবং ঢাকা-২০ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ১১ জন ও জমা দিয়েছেন ১ জন প্রার্থী।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।