নির্বাচন ভবনের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি

আগারগাঁও নির্বাচন ভবনের বাইরে কুমিল্লা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী আবদুস সবুর ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের সমর্থকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনের সামনে এই ঘটনা ঘটে।

এসময় উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে প্লাবন ও সানজিদ নামে দুই জনকে আটক করে। দুই জনই বাদ পড়া স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসানের সমর্থক বলে দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে নাঈম হাসানের আপিল না-মঞ্জুর হয়। পরে তিনি বাইরে বেরিয়ে যাওয়ার সময় আরেক পক্ষের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় আব্দুস সবুরের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসান। ‍তিনি সাংবাদিকদের বলেন, ইসির বাইরে বেরিয়ে এলে তার কর্মী সমর্থকদের উদ্দেশ করে অপরপক্ষ ‘নির্বাচনের আগেই হেরে গেছিস' এমন মন্তব্য করে। এরপরই এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।

এ বিষয়ে শের-ই-বাংলা নগর থানার উপ-পরিদর্শক নিয়ামুল ইসলাম বলেন, একটু উত্তেজনা তৈরি হয়েছিল। পরবর্তীতে পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রয়েছে।