গত ৩৫ ঘণ্টায় সারা দেশে একটি ট্রেনসহ চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চার জন নিহত হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত এসব নাশকতার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার এই তথ্য জানিয়ে বলেন, গত ৩৫ ঘণ্টায় ৩টি বাস ও একটি ট্রেনের ৩টি বগিতে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় আগুন নির্বাপনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট ও ৩০ জন সদস্য কাজ করেন।
গত ২৮ অক্টোবর থেকে ১৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া মোট ২৮৪টি অগ্নিসংযোগের ঘটনায় ২৮০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে ১৭৫টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৮টি অন্য গাড়ি।