উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চাইলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নিয়ে অশান্তি, জ্বালাও-পোড়াওয়ের বিপরীতে আওয়ামী লীগের উন্নয়নের কথাও বলেন তারা।
রবিবার (২৪ ডিসেম্বর) পুরান ঢাকার গেন্ডারিয়ায় ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন নির্বাচনি গণসংযোগের পর গণমাধ্যমকে বলেছেন, যারা লন্ডনে বসে অবরোধের ঘোষণা দেয়, আজ তারা নিজেরাই অবরুদ্ধ হয়ে গেছে। দেশের সাধারণ মানুষ ঠিকই রাস্তাঘাটে চলাচল করছে। দেশের মানুষ অশান্তি চায় না, জ্বালাও-পোড়াও চায় না। মানুষ এখন কর্মমুখী। নিজের কাজ করে শান্তিতে থাকতে চায়। যা বিগত দিনে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট চাই।
এদিকে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। বেলা ১১টার দিকে টাউন হল এলাকায় নির্বাচনী গণসংযোগে সংঘর্ষে চার জন আহত হয়েছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক।
রাজনীতিতে মাঠে নেমে অলিগলিতে ঘুরছেন ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। পর্দার নায়ককে দেখে উচ্ছ্বসিত সাধারণ মানুষজন। রবিবার দুপুরে এলিফ্যান্ট রোড এলাকায় গণসংযোগ করেন তিনি।
চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ, তিনি আমাকে এই আসনে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও আমাকে প্রচণ্ড সহযোগিতা করছেন। তারাই আমাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এই আন্তরিকতা আমার হৃদয় স্পর্শ করেছে। আমি নির্বাচিত হতে পারলে অবশ্যই এসবের প্রতিদান দ্বিগুণ-তিন গুণ ফিরিয়ে দেবো। আমি সব ভোটারের দোয়া চাই।
এদিন সন্ধ্যায় ফেরদৌস আহমেদের পক্ষে প্রচারণায় অংশ নেন অভিনেতা মিশা সওদাগর। রাজধানীর হাজারীবাগের টালী মোড় থেকে নৌকার পক্ষে প্রচারণা শুরু করেন তিনি। পরে সুলতানগঞ্জ রোড, রায়েরবাজার এলাকায় প্রচারণায় অংশ নেন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিশা সওদাগর ভোটারদের উদ্দেশে বলেন, ফেরদৌস আমার ছোট ভাই। তিনি খুবই ভালো মানুষ। তাকে ভোট দিয়েন, আপনাদের উন্নয়ন হবে।