রাজধানীর খিলক্ষেত এলাকায় গাড়ির ধাক্কায় এক শিশুসহ তিনজন পথচারী নিহত হওয়ার ঘটনায় গাড়িটির চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার চালকের নাম দিশান। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তাকে গ্রেফতার করা হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় নিহত আমরিনা হকের স্বামীর দায়ের করা মামলায় গাড়িটির চালক দিশানকে আটক করে পরে গ্রেফতার দেখানো হয়।
এর আগে, বুধবার রাত ৯টার দিকে বিমানবন্দরের দিক থেকে আসা একটি বেপরোয়া ল্যান্ড ক্রুজার জিপ গাড়ি ফুটওভার ব্রিজের নিচের আইল্যান্ডে ধাক্কা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই আট বছরের শিশু ইয়াসিনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হন শিশু ইয়াসিনের বাবা সুমন মিয়া, উজ্জ্বল পাণ্ডে ও আমরিনা হক নামে তিনজন। তাদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হলে সেখানে উজ্জ্বল পাণ্ডে ও আমরিনা হকের মৃত্যু হয়। ঘটনার পরপরই গাড়িটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ জানান, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: