ভোটারদের কেন্দ্রে আনতে অ্যাম্বুলেন্স সেবা

নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে ভোটারদের আনা-নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছে। এমন ঘটনা ঘটেছে ঢাকা-৮ আসনের অন্তর্গত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার ভোট কেন্দ্রগুলোতে। জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ এ ব্যবস্থা করেছেন।

সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ভোটকেন্দ্রে কিছুক্ষণ পরপরই ভোটাররা আসছেন অ্যাম্বুলেন্সে করে। একই চিত্র দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, কার্জন হল, এনএক্স বিল্ডিং এবং উদয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

উদয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অ্যাম্বুলেন্সে করে ভোট দিতে আসা কামরুন্নহার সেজুতি বাংলা ট্রিবিউনকে জানান, বিশ্ববিদ্যালয় পড়ার সময় এই এলাকাতেই ভোটার হয়েছেন তিনি। এখন উত্তরায় পারিবারিক বাসা হওয়ায় খুব সহজে এসে ভোট দেওয়ার সুযোগ কম। তাই অনেক সময় ভোট দিতে আসা হয় না। তবে এবার দূরের ভোটারদের আনা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করায় তিনি খুব সহজেই এসে ভোট দিতে পেরেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ দূরের ভোটারদের ভোটকেন্দ্রে আনতে মোট ১০টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। অ্যাম্বুলেন্সগুলোতে করে সকাল ৮টা থেকেই ভোটাদের আনা-নেওয়া করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাম্বুলেন্সগুলোর ড্রাইভারদের নম্বর দিয়ে দেওয়া হয়েছে। এতে করে এই এলাকার ভোটাররা ওই নম্বরে কল দিয়ে এই সেবা নিতে পারছেন।

এ বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান আসাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার অনেক ভোটারের বাসাই অনেক দূরে। পরিবহন সুবিধা না থাকায় তাদের অনেকেই ভোট দিতে পারেন না। এমন কয়েকজন ভোটারের অনুরোধেই আমি ১০টি অ্যাম্বুলেন্স ভাড়া করে দিয়েছি। এছাড়া শারীরিক অসুস্থ অনেক ভোটার আছেন, যারা স্বাভাবিকভাবে ভোটকেন্দ্রে আসতে পারেন না। এতে করে তারাও উপকৃত হবেন বলে মনে করছি।’