হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের টয়লেট থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। স্বর্ণের বারগুলোর ওজন প্রায় সাড়ে চার কেজি।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালের দিকে অবৈধভাবে আনা এই স্বর্ণ উদ্ধার করে ঢাকার কাস্টম হাউজ।
কাস্টম হাউজ জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-১২২) মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। গোপন তথ্যের ভিত্তিতে সেই ফ্লাইটে অভিযান চালায় ঢাকা কাস্টম হাউজ। পার্কিং বে-১৭-তে অবস্থান করা যাত্রীবিহীন বোয়িং ৭৮৭ উড়োজাহাজটিতে অভিযান চালানো হয়। উড়োজাহাজের বাথরুমের সিলিংয়ে ৪০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় সাড়ে চার কেজি—যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার কোটি টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।