সন্ধ্যার পর রাজধানীতে তীব্র যানজট

সারা দিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যায় ঘরে ফিরতে শুরু করেন কর্মজীবী লোকজন। এসময় রাজধানীর সড়কে যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা যায়। তবে অন্যান্যদিনের মাত্রাও ছাড়িয়ে গেছে আজ বুধবার ( ২৪ জানুয়ারি)। রাজধানীর কিছু পয়েন্টে আজ তীব্র যানজট দেখা গেছে।

সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ফার্মগেট, কাওরানবাজার, বাংলামোটর শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে, এসময় সড়কের একপাশে গাড়ি কিছুটা এগোলেও আরেকপাশ দীর্ঘ সময় যানজট ছিল। ফলে ভোগান্তি সঙ্গে নিয়েই যাতায়াত করতে দেখা যাত্রীদের। সন্ধ্যার পর যানজট দেখা গেছে মিরপুর রোডে আসাদ গেট হয়ে ধানমন্ডি, সায়েন্সল্যাব ও নিউ মার্কেটের দিকেও। এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার পর কাওরানবাজার মোড় হয়ে পান্থপথ ও ধানমন্ডি ৩২ দিকে সড়কেও দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে দেখা গেছে।

এছাড়া বিজয় সরণি, মহাখালী, তেজগাঁও, মগবাজার, মৌচাক, মালিবাগ, রামপুরা, বাড্ডা এলাকার সিগনালেও দীর্ঘ সময় গাড়ি আটকে ছিল বলে খবর পাওয়া গেছে।

রাজধানীতে সন্ধ্যার পর তীব্র যানজট (ছবি: সাজ্জাদ হোসেন)

কাওরানবাজার থেকে পান্থপথ হয়ে হেঁটে ধানমন্ডি যাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী ও উন্নয়নকর্মী মোক্তাদির ইমাম। যানজট দেখে ইচ্ছে করে পায়ে হেঁটে ধানমন্ডিতে নিজ বাসার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। মোক্তাদির বলেন, ‘যানজট ছুটির দিন ছাড়া কোন দিন ছিল না? তবে আজ একটু বেশিই মনে হচ্ছে। আমি বিকালের পর  মিরপুর গিয়েছিলাম, জ্যাম ঠেলে গন্তব্যে পৌঁছেছি। আসার সময় সড়কে গাড়ির জটলা দেখে মেট্রোরেলে উঠলাম। মেট্রোরেলে কাওরানবাজার নেমে দেখি একই অবস্থা, এখানেও জ্যাম। তাই উপায় না পেয়ে হেঁটেই রওনা দিলাম।’  

আরেকজন যাত্রী সুমন মিয়া বলেন, ‘পল্টন গিয়েছিলাম ব্যবসার কাজে। যাওয়ার পথে তেমন জ্যাম পাইনি, আসার পথে রাস্তায় জ্যাম পেয়েছি। অনেক সময় লেগেছে কাওরানবাজার পর্যন্ত আসতে। কয়েকদিন ধরে সন্ধ্যায় জ্যাম লেগেই আছে।’

রাজধানীতে সন্ধ্যার পর তীব্র যানজট (ছবি: প্রতিবেদক)

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যানজট সৃষ্টি হওয়ার বিষয়ে জানতে চাইলে বাংলামোটরে দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা নিউটন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যার পর সড়কে গাড়ি চাপ বেড়ে যাওয়ায় কিছু পয়েন্টে যানজট সৃষ্টি হয়েছে। কাওরানবাজারের সোনারগাঁও সিগনালে গাড়ি ধীরগতি হয়েছে। কিছু সময় ধরে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে। আরেকপাশে স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করছে। আমরা কাজ করে যাচ্ছি, আশা করি, কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হবে।