আবারও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান জাহিদ তুষার

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে পুনঃনিয়োগ পেলেন সাংবাদিক হাসান জাহিদ তুষার।

রবিবার (২৮ জানুয়ারি) সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে চতুর্থ গ্রেডের সর্বোচ্চ ধাপে নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

মাগুরা জেলায় জন্ম নেওয়া হাসান জাহিদ তুষার এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। দীর্ঘদিন গণমাধ্যমের সঙ্গে জড়িত তুষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স পাস করেছেন। তিনি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এদিকে ফটো সাংবাদিক এস এম গোর্কিও প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন।