সিদ্ধিরগঞ্জে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জে একই পরিবারের ছয় জন দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম জান্নাতি আক্তার (১৫)। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় এই কিশোরী। এ নিয়ে এই অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হলো।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ জানুয়ারি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের একটি বাসায় গ্যাসের আগুনে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হয়। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সোমবার (২৯ জানুয়ারি) রহিমা বেগম (৩৫) নামের একজন মারা যান। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, জান্নাতির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

বর্তমানে বার্ন ইনস্টিটিউটে আরও দুজন চিকিৎসাধীন। তারা হলেন, সুখী আক্তার (৩২) ও রিতু আক্তার (১৪)। এর মধ্যে সুখী আক্তারের শরীরের ১৭ শতাংশ ও রিতুর শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। অন্যদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। 

গত ২৪ জানুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বাগপাড়া এলাকায় একটি টিনশেড বাসায় গ্যাসের চুলায় মশার কয়েল জ্বালানোর সময়ে আগুন লেগে একই পরিবারের এক শিশুসহ ছয় জন দগ্ধ হয়।