স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অবাধ তথ্যপ্রযুক্তি ও যোগাযোগের এই সময়ে আমাদের নৈতিক শক্তিতে বলিয়ান হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেলেও নৈতিক অবক্ষয়ের কারণে অনেক কিছুতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি।
শনিবার (৩ ফেব্রুয়ারি) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে একুশের চেতনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভিশন-২০৪১ বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, মানুষের সৃষ্টিশীলতা বিকাশের জন্য সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্য। একুশের চেতনায় সাংস্কৃতিক বিপ্লবই পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশের স্বপ্ন ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে।
এ সময় মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে হলে আমাদের দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে।
লাকসাম মনোহরগঞ্জ উপজেলার উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত আলোচনা করে তাজুল ইসলাম বলেন, এক সময় এ অঞ্চলের মানুষের ওপর অত্যাচার, নির্যাতনের ইতিহাস থাকলেও বিগত সময়ে সুশাসন নিশ্চিত করার মাধ্যমে সব সামাজিক অনাচার দূর করা হয়েছে।
লাকসাম-মনোহরগঞ্জ ‘বঙ্গবন্ধু পরিষদ’, ঢাকা ও লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবি পরিষদের আয়োজনে এ সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর এম সাইফুর রহমান, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, বঙ্গবন্ধু পরিষদ, লাকসাম-মনোহরগঞ্জ সভাপতি অহিদুল্লা মজুমদার।