বিশ্বে ঢাকাকে ব্র্যান্ডিং করার জন্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে একটি কার্যকরী পরামর্শক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে 'বিমান-ঢাকা ট্রাভেল মার্ট' শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
ডিএনসিসি মেয়র বলেন, 'বর্তমান যুগ ব্র্যান্ডিংয়ের যুগ। বহির্বিশ্বে আমাদের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে আমরা বাংলাদেশের ব্র্যান্ডিং করতে পারি। বিশ্বের বুকে একমাত্র বাংলাদেশই মাতৃভাষার জন্য আন্দোলন করেছে। ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আমাদের যে জাতীয় শহীদ মিনার এটি সবাইকে জানাতে হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো সম্পর্কে বিশ্ববাসীকে জানাতে হবে। আমি বিশ্বাস করি সঠিকভাবে এই ইতিহাস জানাতে পারলে বিদেশিরা বেড়াতে আসবে, বাংলাদেশ সম্পর্কে জানবে।'
মেয়র আরও বলেন, 'পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। এটি বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে হবে। গত বছর কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা ভলিবল ফেডারেশন থেকে আন্তর্জাতিক অলিম্পিক বিচ ভলিবল বাছাই পর্বের খেলার আয়োজন করেছি। আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের পর্যবেক্ষক দল জানিয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের বালুর ধরন, আবহাওয়া এবং সার্বিক পরিবেশ ভলিবল খেলার জন্য খুবই উপযোগী। ভবিষ্যতে কক্সবাজারে আরও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে তারা। এভাবে আন্তর্জাতিক বিভিন্ন প্লাটফর্মে বাংলাদেশকে তুলে ধরতে হবে।'
এ মেলার আয়োজক ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর। মেলাটির টাইটেল স্পন্সর জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং শীর্ষস্থানীয় গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস) প্রতিষ্ঠান সেবার মেলার পার্টনার হিসেবে অংশ নিচ্ছে। দেশ-বিদেশের ৮০টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থা শতাধিক স্টল ও প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা উপস্থাপন করছে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে এয়ারলাইন, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, ট্রেনিং ইনস্টিটিউট, মেডিক্যাল ট্যুরিজম এজেন্সিসহ ভ্রমণ ও পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। মেলা চলাকালীন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবার ওপর দর্শনার্থীদের জন্য বিশেষ মূল্যছাড় অফার করছে। মূল্যছাড়ের আওতায় রয়েছে এয়ার টিকিট, হোটেল ও রিসোর্ট আবাসন, ভ্রমণ প্যাকেজ ইত্যাদি। পর্যটন মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে এবং ভিজিটরদের জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আজিম, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, সাব্রের বাংলাদেশ কান্ট্রি হেড সাইফুল হক, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক এবং বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।