জাতীয় সংসদের সংরক্ষিত আসনে প্রতিবন্ধী নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি) ও প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (এনসিডিডব্লিউ)।
শনিবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানায়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা দীর্ঘদিন ধরেই রাষ্ট্রের কাছে তাদের প্রতিনিধিত্বের দাবি করে আসছে। সরকার দেশের সব মানুষের কথা বিবেচনা করে নানান কর্মসূচি নেয়। এসব কর্মসূচির অনেকগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নিতে পারলেও সিদ্ধান্ত গ্রহণে এখনও উন্নতির জায়গা আছে।
তারা বলেন, এখনই সময় সংসদে প্রতিবন্ধী নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে আমাদের সক্ষমতা ও ইতিবাচক অগ্রগতির আকাঙ্ক্ষার প্রমাণ দেওয়ার। নারীর ক্ষমতায়নে বিশ্বব্যাপী চ্যাম্পিয়নের স্বীকৃতি পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী নারীদের প্রতিনিধিত্বের বিষয়েও একইরকমভাবে জোর নজর দেবেন বলে আমরা বিশ্বাস করি।