এসএসসি পরীক্ষার্থীদের জন্য তেজগাঁও থানার ‘সাপোর্ট’

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য ‘সাপোর্ট’ নামে বুথ খুলেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তেজগাঁও থানার তিন পরীক্ষা কেন্দ্রের সামনে এসব বুথ খোলা হয়। কেন্দ্রগুলো হলো তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালক বিদ্যালয় এবং গভর্নমেন্ট সাইন্স হাই স্কুল।

বৃহস্পতিবার দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

পরীক্ষার্থীদের জন্য ‘সাপোর্ট’ নামে বুথ খুলেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ

তিনি বলেন, ‘যানজটে আটকে থাকা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া; কেউ ভুল কেন্দ্রে এলে তাকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া; প্রবেশপত্র, রেজিস্ট্রেশন বা অন্য কিছু ফেলে এলে তা আনার ব্যবস্থা করা; কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড়ে যেন শিক্ষার্থীদের সমস্যা না হয় সে ব্যবস্থা করে দিচ্ছে সাপোর্ট।’

ওসি বলেন, ‘আজ পরীক্ষার প্রথম দিন। সকালে তিনটি কেন্দ্রের সামনেই চকলেট ও কলম দিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানানো হয়।’

তিনি আরও বলেন, ‘গভর্নমেন্ট সাইন্স হাই স্কুল কেন্দ্রের পরীক্ষার্থী ইয়াছির আরাফাত ভুলে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বাসায় রেখে আসে। পরে সেসব কাগজ আনার ব্যবস্থা করে সাপোর্ট। শেষ পরীক্ষা পর্যন্ত পরীক্ষার্থীদের জন্য এসব বুথ রাখবে তেজগাঁও থানা।’

আজ বৃহস্পতিবার  সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১২ মার্চ। এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। তারা দেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।